দেশবার্তা ঢাকাঃ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে কারও নয়। এটি সব রাজনৈতিক দল, ছাত্র-জনতা ও সাধারণ মানুষের সম্মিলিত প্রয়াসের ফল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (৩ আগস্ট) দুপুরে বিএমইউতে জুলাইয়ে নার্সদের অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, যদি শেখ হাসিনার পতন না হতো, আর জুলাই আন্দোলন ব্যর্থ হতো, তাহলে আমাদের অনেকেরই ফাঁসি হয়ে যেতো বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের চূড়ান্ত বিস্ফোরণ ছিল। এমনকি প্যারিস বিপ্লবের থেকেও জুলাই বিপ্লব কোনো অংশে কম নয়।
এনসিপি নেতাদের শেখ হাসিনার রাজনৈতিক সংস্কৃতি বা পথ অনুসরণ না করার আহ্বান জানান রিজভী। তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতি উন্নত হতে হবে। এত জুলুম-নির্যাতনের পরও আমরা বাজে কথা বলিনি।
এসময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে। ফেসবুকে সরকার গঠন করা গেলেও রাষ্ট্র পরিচালনা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।































