দেশবার্তা ডেস্কঃ মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য (এমপি) মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (১৯ মে) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে উল্লেখ করা হয়, মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন সেক্রেটারি জেনারেল। সেইসঙ্গে মহান রবের দরবারে তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন মিয়া গোলাম পরওয়ার।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুর নেয়া হয়। পরবর্তীকালে তাকে মালয়েশিয়ায় পাঠানো হয়।
































