আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ায় বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। এতে তেলের দাম সাপ্তাহিক সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) গ্রিনিচ মান সময় রাত ১টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ১৫ সেন্ট বা ০.২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫.৬৭ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২৬ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১.৫৬ ডলারে উঠেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন করে সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। এ আশঙ্কাই বিশ্ববাজারে তেলের দাম বাড়ার অন্যতম কারণ।
এদিকে গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৭.১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৯.৮ শতাংশ বেড়েছে। ফলে ২০ জুলাই শেষ হওয়া সপ্তাহের পর উভয় ধরনের তেলের ক্ষেত্রে এটিই সবচেয়ে বড় সাপ্তাহিক মূল্যবৃদ্ধি হতে যাচ্ছে।































