আন্তর্জাতিক ডেস্কঃ ইরান ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে একমত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ কথা জানান।
ভারতের নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে আবুধাবির ক্রাউন প্রিন্স খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন।
পেজেশকিয়ান বলেন, অতীতের দিকে না তাকিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে দুই দেশ একমত হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে কীভাবে পারস্পরিক সহযোগিতা বাড়ানো যায়, সে বিষয়ে অভিন্ন বোঝাপড়া তৈরির চেষ্টা চলছে।
বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। আঞ্চলিক উত্তেজনা কমানো এবং শান্তি ও স্থিতিশীলতা জোরদারে কীভাবে কাজ করা যায়, সে বিষয়েও দুই নেতা মতবিনিময় করেন।
এদিকে বৈঠকটি এমন এক সময়ে হলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। এরপর ইরানের সামরিক, জ্বালানি ও অর্থনৈতিক অবকাঠামোয় একাধিক হামলা হয়েছে। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পালটা হামলা চালিয়েছে।






























