নিজের দেশের মাটিতে শেষ বারের মতো আর্জেন্তিনার জার্সি গায়ে চাপানোর আগে চোখের জল আর ধরে রাখতে পারলেন না লিওনেল মেসি। আর মেসিকে দেখে আবেগে ভেসে গেল গোটা স্টেডিয়াম। বুয়েনস আয়ার্সের ঐতিহ্যবাহী লা বোম্বোনেরা স্টেডিয়ামে জ়াম্বিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচের আগে সমর্থকদের অগাধ ভালোবাসায় ভেসে গিয়ে আর আবেগ ধরে রাখতে পারেননি এই কিংবদন্তি। গ্যালারি জুড়ে শুধু একটি শব্দব্রহ্ম আর স্লোগান— ‘মেসি-মেসি’, যেন সময়ই থমকে গিয়েছিল।
চোখের জলে বিদায়ের ইঙ্গিত
৩৮ বছর বয়সি ইন্টার মায়ামির তারকা সতীর্থদের সঙ্গে মাঠে দাঁড়িয়ে যখন জাতীয় সঙ্গীত শুনছিলেন, তখনই তাঁর চোখে জল দেখা যায়। স্টেডিয়ামের একটি ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে, যেখানে দেখা যায় মেসি বারবার চোখ মুছছেন। অনেকেরই মতে, এটাই হয়তো দেশের মাটিতে তাঁর শেষ ম্যাচ, আর সেই কারণেই আবেগ আরও গভীর হয়ে উঠেছিল।































