আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি ইরানের পক্ষ হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছে। প্রয়োজন হলে যেকোনো সময় যুদ্ধ শুরু করার সামরিক প্রস্তুতি রয়েছে বলেও জানান তারা।
নাম প্রকাশ না করার শর্তে হুতির একজন নেতা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা সামরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। সব ধরনের বিকল্পসহ প্রস্তুত আছি আমরা।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত ইরান ভালো করছে এবং শত্রুকে প্রতিদিনই পরাজিত করছে। যদি এর বিপরীত কিছু ঘটে, আমরা বিষয়টি সামলাতে পারব।
হুতির ওই নেতা আরও বলেন, তারা পুরো পরিস্থিত পর্যবেক্ষণ করছেন। কখন এগিয়ে যাওয়ার উপযুক্ত সময় , সেটা সহজেই বুঝতে পারবেন।
তবে, হুতি গোষ্ঠী এ যুদ্ধে যুক্ত হলে একটি নতুন ফ্রন্ট খুলে যাবে। হুতিদের সুস্পষ্ট লক্ষ্য হবে ইয়েমেনের উপকূলের বাইরের বাব আল-মান্দেব প্রণালী। এই প্রণালী হয়ে সুয়েজ খালের দিকে সমুদ্রযান চলাচল করে। তখন হরমুজ প্রণালীর পর আরেকটি জলপথেও হয়তো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে ইরান। তবে এর ফলে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি আরও অস্থির হবে। এছাড়া, এর আগেও বিভিন্ন সময়ে হুতি গোষ্ঠী ওই জলপথে ট্যাংক ও জাহাজে হামলা চালিয়েছে।































