ক্রীড়া ডেস্ক: আজ ১৫ মার্চ, রবিবার। ক্রীড়াপ্রেমীদের জন্য দিনটির সবচেয়ে বড় আকর্ষণ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজ নির্ধারণী ওয়ানডে। তিন ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচ শেষে দুই দলই একটি করে জয় পাওয়ায় শেষ ম্যাচটি কার্যত রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে।
দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থতার কথা স্বীকার করেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তিনি বলেন, ‘আমরা প্রথম ১০ ওভারে ভালো করতে পারিনি। যা আমরা প্রথম ম্যাচে করেছিলাম। ব্যাট করার জন্য এটি খুব ভালো উইকেট ছিল। কিন্তু আমাদের টপ-অর্ডার ব্যাটাররা খুব বেশি রান পায়নি।’ সিরিজ জিততে হলে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই উন্নতি প্রয়োজন বলে মনে করেন তিনি।
এই সিরিজ বাংলাদেশের জন্য আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। এখান থেকেই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির যাত্রা শুরু করেছে দলটি। পাশাপাশি আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের হিসাবেও ম্যাচটির গুরুত্ব রয়েছে। বর্তমানে ৭৬ পয়েন্ট নিয়ে দশম স্থানে থাকা বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে পারলে এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে যাওয়ার সুযোগ পাবে।





























