দিনাজপুর প্রতিনিধি: পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নে নির্বাচিত সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় খাল পুনঃখননের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’
রোববার (৮ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় খাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, ‘খাল খননের এই গুরুত্বপূর্ণ কর্মসূচি সম্পন্ন করলে, আমাদের এলাকার সাধারণ মানুষ সুবিধা ও উপকার পাবে। বিশেষ করে, খালটি পুনঃখননের মাধ্যমে এ অঞ্চলে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে। খালের পানি সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষিজমিতে পৌঁছাতে পারলে কৃষি উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।’
এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-১ আসনের সাংসদ মো. মনজুরুল ইসলাম ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. একেএম সাহাবুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে বিকাল সাড়ে ৩টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনাজপুর আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য মনজুরুল ইসলাম, সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ও জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।































