আন্তর্জাতিক ডেস্কঃ জর্ডানের পূর্ব মরুভূমিতে অবস্থিত আল-আজরাক বিমান ঘাঁটিতে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তাদের দাবি, এই হামলায় যুক্তরাষ্ট্রের ৩টি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং আরো অন্তত ৩টি বিমান গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর আনাদোলুর।
বৃহস্পতিবার ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তাদের অ্যারোস্পেস ফোর্সেস বেশ কয়েকটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আল-আজরাক বিমান ঘাঁটিতে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান রাখার র্যাম্প ও রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গারে আঘাত হানে। ইরানের কেশম দ্বীপে দুটি আবাসিক ভবনে মার্কিন হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।
আইআরজিসি দাবি করেছে, হামলায় তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং আরো ৩টি বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তারা আরো দাবি করেছে, এই হামলায় বেশ কয়েকজন মার্কিন সামরিক কর্মকর্তা এবং কারিগরি ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেন।
মেহের নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণ ইরানজুড়ে মার্কিন হামলার সময় কেশম দ্বীপের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত হেনে দুজন আহত হওয়ার কয়েক ঘণ্টা পর আইআরজিসির এই বিবৃতিটি আসে।
অন্যদিকে জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার তারা ইরান থেকে দেশটির দিকে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ভূপাতিত করেছে।
জর্ডান কর্তৃপক্ষের মতে, গত চার দিন ধরে ধারাবাহিকভাবে তাদের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটছে। এর আগে বুধবারেও ৫টি ক্ষেপণাস্ত্র এবং সোম ও মঙ্গলবার একাধিক ড্রোন ভূপাতিত করে জর্ডানের সামরিক বাহিনী।
এই ঘটনাগুলো এমন এক সময়ে ঘটেছে যখন মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর ইরানের হামলার চেষ্টার জবাবে তারা ইরানে নির্দিষ্ট কিছু সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন তুঙ্গে অবস্থান করছে।































