মাগুরা প্রতিনিধি: সংস্কৃতিমন্ত্রী ও মাগুরা- দুই আসনের সাংসদ নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘চাঁদাবাজদের কোনো দল থাকে না এবং যারা সুদ খায়, ঘুষ খায়, তাদের কোনো জাত থাকে না। তারা যদি নিজের দলেরও হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
শনিবার (২৮ ফেব্রুয়ারি) শালিখা উপজেলার সব দপ্তরের কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে নিতাই রায় আরও বলেন, ‘যারা মানুষের শান্তি কেড়ে নেয়, যারা মানুষের রাতের ঘুম কেড়ে নেয়, তারা কোনো সভ্য মানুষ হতে পারে না। তাদেরকে চিহ্নিতপূর্বক আইনের আওতায় আনতে হবে। তাদের ব্যাপারে কোন তদবির চলবে না। মনে রাখবেন, তারেক রহমান কোন ব্যর্থ সরকার নন। আমরাও কোনো ব্যর্থ সরকারের লোক নয়।’
‘আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ ও লালন করে আগামীর বাংলাদেশ গড়তে চাই। যেখানে থাকবে সম্প্রীতের এক বিরল মিল-বন্ধন।’
উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিন, মাগুরা জেলা বিএনপির সদস্য মোতালেব হোসেন শিকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ডা. সাইমুন নেছা, শালিখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিচুর রহমান মিল্টন, মুন্সি শহীদুর রহমান বিএম কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান নবাব।































