নিজস্ব প্রতিবেদন: ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থীর পক্ষে গণসংযোগে গণজোয়ার এসেছে বলে দাবি করেছেন মিরপুর, কাফরুল, আগারগাঁও, কাজীপাড়া, শেওড়াপাড়া, ৬০ ফিট, সেনপাড়া, পর্বতসহ বিভিন্ন এলাকার নাগরিকরা।
সরেজমিনে গেলে তারা জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচন হলে এই আসনে বিএনপি প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন। ঢাকা-১৫ সংসদীয় আসনে বিএনপির প্রতীক ধানের শীষকে ঘিরে দিন দিন বাড়ছে আলোচনা ও নির্বাচনি উত্তাপ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় ধানের শীষের পক্ষে স্পষ্ট গণজোয়ার তৈরি হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে এই আসনে ধানের শীষের প্রার্থীই বিজয়ী হবেন বলে মনে করছেন তারা।
গণসংযোগকালে ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, “১৯৯১ সালে ঢাকা-১৫ আসন থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়েছিলেন। তার শাসনামলে এই আসনে ব্যাপক উন্নয়ন হয়েছিল। একইভাবে ২০০১ সালে বিএনপির প্রার্থী মেজর কামরুল ইসলাম বিজয়ী হয়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেন।” এরপর দীর্ঘ সময় ধরে এই আসনে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি বলেও দাবি করেন তিনি।
মিল্টন আরও জানান, “আগামী নির্বাচনে জনগণের রায়ে তিনি নির্বাচিত হলে অতীতের উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনা হবে এবং ঢাকা-১৫ আসনকে একটি মডেল আসনে রূপান্তর করা হবে।”
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার সারাদিন ধানের শীষের পক্ষে গণসংযোগে যোগ দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় ও নগর মহানগরের নেতারা।
নির্বাচনী প্রচারণার সময় তিনি বলেন, “১৯৯১ ও ২০০১ সালের পর এই আসনে অনেকেই বাইরে থেকে এসে নির্বাচন করেছেন। গত ১৬ বছর সাধারণ মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। দিনের ভোট রাতে হয়েছে। এবার স্বতঃস্ফূর্তভাবে সাধারণ নাগরিকরা ধানের শীষে ভোট দেবে—এটাই আমার প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন।” এই আসনেই তার জন্ম উল্লেখ করে মিল্টন জানান, নিজের এলাকার প্রতি তার বিশেষ দায়বদ্ধতা রয়েছে। গণসংযোগকালে তরুণ ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও জানান তিনি। সুষ্ঠু নির্বাচন হলে তরুণ ও সাধারণ ভোটাররাই বিএনপিকে বিজয়ী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই প্রার্থী।
স্থানীয় বাসিন্দারাও জানান, দিন যতই ভোটের সময় ঘনিয়ে আসছে, ততই ঢাকা-১৫ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনি উত্তাপ বাড়ছে। বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে পুরো নির্বাচনি এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চলছে। সুষ্ঠু নির্বাচন হলে এই আসনে ধানের শীষের প্রার্থী বিজয়ী হবেন বলে তাদের বিশ্বাস।
ঢাকা-১৫ নির্বাচনী এলাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল আসন। এই আসনে মোট ২টি থানা ও ৪টি ওয়ার্ড রয়েছে। এরমধ্যে রয়েছে মিরপুর মডেল থানা (আংশিক) কাফরুল থানা, এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ৪, ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ড এই আসনের আওতাভুক্ত। সেনপাড়া, কাফরুল ও মিরপুর কাজীপাড়া শেওড়াপাড়ায় এলাকার বিশাল জনবসতি নিয়ে গঠিত এই আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
এই আসনে পুরুষ ভোটার: ১৭৯৬১৬ জন; নারী ভোটার: ১৭২০৯৮ জন; মোট ৩৫১৭১৪ জন ভোটার রয়েছে আসনটিতে।































