নিউজ ডেস্ক: প্রায় দুই দশক পর সিরাজগঞ্জ জেলায় সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুর ২টায় রংপুর থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বিসিক শিল্প পার্কে আয়োজিত এক নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি।
এই জনসভা মঞ্চ থেকেই সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের বিএনপির দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। দীর্ঘদিন পর তার আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
জনসভা উপলক্ষে বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় জনসভাস্থল পরিদর্শন করেছেন।
সিরাজগঞ্জের ছয়টি আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, তারেক রহমানের জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর তার আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা আশা করছি, সমাবেশে রেকর্ডসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ঘটবে।
উল্লেখ্য, এর আগে ২০০৬ সালের ২৪ ডিসেম্বর সর্বশেষ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান।































