দেশবার্তা ডেস্কঃ একাধিক ফৌজদারি মামলায় কেউ দণ্ডিত হলে আদালতের স্পষ্ট নির্দেশ ছাড়া ওই সাজা একই সঙ্গে চলবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, একটি মামলার সাজা শেষ হওয়ার পর ধারাবাহিকভাবে পরবর্তী মামলার সাজা কার্যকর হবে।
সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে এ কথা বলা হয়েছে।
চেক ডিজঅনারের পৃথক ছয়টি মামলায় দণ্ডিত মো. নাসির উদ্দিনকে কারাগারে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের রুল খারিজ করে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ ২০২৫ সালের ২৭ আগস্ট এ রায় দেন।
রায়ে বলা হয়, পৃথক মামলায় সাজা দেওয়ার সময় সংশ্লিষ্ট রায়গুলোতে সাজা একই সঙ্গে চলবে—এমন স্পষ্ট নির্দেশনা না থাকলে একটি মামলার সাজা শেষ হওয়ার পরই পরবর্তী মামলার সাজা কার্যকর হবে। ফৌজদারি কার্যবিধির ৩৯৭ ধারার বিধান অনুযায়ী এ ক্ষেত্রে সাজা ধারাবাহিকভাবে কার্যকর হবে।
আদালত নাসির উদ্দিনকে রায় ও আদেশের তারিখ থেকে দুই মাসের মধ্যে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ছয়টি মামলায় বিচার চলাকালীন তিনি যে সময় কারাগারে ছিলেন, ফৌজদারি কার্যবিধির ৩৫এ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট মামলার সাজা থেকে তা কর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।
রিটকারীর আইনজীবী ছিলেন মো. শাহ আলম। বিবাদীদের পক্ষে ছিলেন মো. সমীর সাত্তার ও মুহাম্মদ আলী আক্কাস চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মহাদ্দেস-উল-ইসলাম (টুটুল) ও মাহফুজ বিন ইউসুফ।































