দেশবার্তা ডেস্কঃ দেশের বাজার স্থিতিশীল রাখতে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এরইপ্রেক্ষিতে সোমবার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে প্রথম দিন ভারত থেকে প্রায় ১০০ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) আরো কয়েকটি ট্রাক এই বন্দরে আসার অপেক্ষায় রয়েছে।
ব্যবসায়ীদের বলছেন, দেশের বাজারে কাঁচামরিচ প্রায় ৩০০টাকা থেকে ৩৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আমদানি অব্যাহত থাকলে মঙ্গলবার থেকে বাজারে কাঁচামরিচের দাম কমতে শুরু করবে।
ভোমরা কাস্টমস কমিশনার মো. মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার ভোমরা স্থলবন্দর দিয়ে সন্ধ্যা পর্যন্ত ১০টি ট্রাকে ভারতীয় কাঁচামরিচ দেশে প্রবেশ করেছে। শুল্ক ও কাস্টমস কার্যক্রম শেষে আমদানিকারকরা মরিচ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করবেন।
আমদানিকারকরা জানান, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে রবিবার (২ আগস্ট) ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দেয় সরকার। একই সঙ্গে আমদানির ওপর বিদ্যমান শুল্ক ও কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র থেকে ব্যবসায়ীদের এমন তথ্য জানানো হয়।
সাতক্ষীরা শহরের কাঁচামালের খুচরা ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, মাত্র ১৫ দিনে আগে জেলার বাজারগুলোতে প্রতি কেজি কাঁচামরিচ ৫০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু, চার দফায় দাম বেড়ে প্রতি কেজি ৩০০ টাকারও বেশি দরে বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েন সাধারণ ক্রেতারা।
সাতক্ষীরা শহরের কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী বলেন, “টানা বৃষ্টিতে জেলা শহর ছাড়াও আশপাশের বিভিন্ন জেলার মরিচের খেত পানিতে তলিয়ে গেছে। এতে কাঁচামরিচের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি অন্যান্য সবজির উৎপাদনও কমে গেছে।”
তিনি বলেন, “৫০ টাকার কাঁচামরিচ এখন ৩০০ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। তবে, ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ায় দু-এক দিনের মধ্যে এর দাম কমতে শুরু করবে। এতে ভোক্তাদের ভোগান্তি অনেকটাই কমবে।”
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম বলেন, “মঙ্গলবার আরো বেশি পরিমাণ কাঁচা মরিচ আমদানির অপেক্ষায় রয়েছে। ধারাবাহিকভাবে আমদানি চললে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে বলে আমরা আশা করছি।”































