নিউজ ডেস্ক: অর্থ আত্মসাতের এক মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম), রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক এমডি পলাতক প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন গতকাল মঙ্গলবার অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন।
একই সঙ্গে আগামী ২৩ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন-দুদকের প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম। অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো। ‘২০১৩ সালে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার’ করে ৩৪ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে এই মামলা দায়ের করা হয়।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান ও শাহানা ফেরদৌস, রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের (বর্তমানে আভিভা ফাইন্যান্স লিমিটেড) সাবেক ইভিপি রাশেদুল হক, সাবেক ম্যানেজার নাহিদা রুনাই, সাবেক এসভিপি কাজী আহমেদ জামাল, সাবেক ডেপুটি ম্যানেজার জুমারাতুল বান্না এবং মেরিন ভেজিটেবল অয়েলসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ, পরিচালক টিপু সুলতান, মো. ইসহাক, মো. আব্দুল্লাহ আল মামুন।
আসামিদের মধ্যে দুজন নাহিদা রুনাই ও রাশেদুল হক কারাগারে আছেন। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। অন্য আসামিরা পলাতক রয়েছেন। দুদকের পক্ষে প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম শুনানি করেন। রাশেদুল হকের পক্ষে ছিলেন আইনজীবী নিয়াজ মোরশেদ এবং নাহিদা রুনাইয়ের পক্ষে ছিলেন মোহাম্মদ বাবুল বেপারী।
গত বছরের ২ জুলাই দুদক মামলাটি দায়ের করে। পরে তদন্ত করে ১৬ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ৮ আগস্ট নামসর্বস্ব কোম্পানি এ এম ট্রেডিংয়ের নামে ৩৪ কোটি টাকার একটি মেয়াদি ঋণ অনুমোদন করে রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড। সে বছর ৯ সেপ্টেম্বর ঋণ ছাড় করা হয়। এই টাকা
এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডে স্থানান্তর করা হয়।































