গাজীপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমানের বহুল আলোচিত জনসভাকে কেন্দ্র করে গাজীপুরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য বর্ণিল আয়োজনে প্রস্তুত গাজীপুরবাসী, অপেক্ষার প্রহর গুনছেন লাখো নেতাকর্মী ও সমর্থ।
মঙ্গলবার বিকাল চারটায় গাজীপুর শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জনসভা। জনসভাকে ঘিরে ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
রোববার সরেজমিনে সভাস্থল পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় ও গাজীপুর মহানগরের শীর্ষ নেতারা। পরিদর্শনকালে মঞ্চ নির্মাণ, জনসমাগম ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও নিরাপত্তা পরিকল্পনাসহ সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ জানান, জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে গাজীপুর মহানগর বিএনপিকে সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে আলাদা শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে।
এর আগে টঙ্গীতে সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকারের বাসভবনের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জনসভা উপলক্ষে প্রস্তুতি সভা। এতে সভাপতিত্ব করেন হাসান উদ্দিন সরকার এবং সঞ্চালনা করেন গাজীপুর–২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি।
দলীয় সূত্র জানায়, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সার্বিক দিকনির্দেশনা এবং গাজীপুর–২ আসনের মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির সরাসরি তত্ত্বাবধানে মাঠপর্যায়ে প্রস্তুতি জোরদার করা হয়েছে। তার নির্বাচনী এলাকা ছাড়াও পুরো মহানগরজুড়ে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে এই জনসভা পরিণত হচ্ছে বিএনপির সাংগঠনিক শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে।
ইতোমধ্যে ভাওয়াল রাজবাড়ী মাঠকে রঙিন করে সাজানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে। মাঠ পরিদর্শন করেছেন গাজীপুরের বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা, মহানগর ও জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিএনপি নেতারা বলছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের ভবিষ্যৎ উন্নয়নের একটি সুস্পষ্ট রোডম্যাপ। কৃষি, শিল্প, কর্মসংস্থান সৃষ্টি, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার বার্তা নিয়েই গাজীপুরের জনসভায় বক্তব্য দেবেন তিনি।
সব মিলিয়ে দেশনায়ক তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে গাজীপুরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। প্রিয় নেতাকে বরণ করতে বাঁধভাঙা উচ্ছ্বাস নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন গাজীপুরবাসী।































