নিউজ ডেস্ক: সারা দেশে একযোগে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, এবারের বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে সর্বাধিক ৬৫০ জন নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে।
এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নেওয়া হবে। নন-ক্যাডারের ৩৯৫টি পদের মধ্যে নবম গ্রেডের পদ রয়েছে ৭১টি।
এদিকে পরীক্ষা স্থগিত চেয়ে করা রিট আবেদন সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
ফলে নির্ধারিত সময়েই আজ শুক্রবার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী জানান, হাইকোর্ট রিটটি খারিজ করায় পরীক্ষায় আর কোনো বাধা নেই। সারা দেশের ৮টি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে, নির্বাচনকালীন গণভোটের প্রচারের কারণে সব পরীক্ষা স্থগিতের দাবিতে পিএসসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন এনামুল হকসহ কয়েকজন চাকরিপ্রার্থী।
দাবি মানা না হওয়ায় গত বুধবার চার প্রার্থী হাইকোর্টে রিট করেন।































