কুড়িগ্রাম প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ৫ আগস্টের পর এ দেশের মানুষের ন্যায়বিচারসহ সব অধিকার প্রতিষ্ঠার একটি সুযোগ এসেছিল। সেই সুযোগটি কাজে লাগানোর জন্য আমরা চেষ্টাও করেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, সেখানে ক্ষমতালোভীরা বিভিন্ন ষড়যন্ত্র শুরু করল।
আমরা তখন কী দেখলাম, জামায়াতের নেতৃত্বে জোট পরিষ্কারভাবে বলেছে, তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তারা কোন নিয়মে দেশ পরিচালনা করবে, প্রচলিত নিয়মে যে ধারায় এখন দেশ চলছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি প্রচলিত নিয়মে দেশ সুন্দর হয়, তাহলে আমাদের এ জীবনগুলো দেওয়ার কী অর্থ ছিল?
গতকাল বিকাল ৫টায় কুড়িগ্রাম কলেজ মোড়সংলগ্ন বিজয় স্তম্ভ মাঠে কুড়িগ্রাম-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ নুর বখ্ত মিয়ার নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় হাতপাখাকে বিজয়ী করার আহ্বান জানিয়ে চরমোনাই পীর বলেন, হাতপাখাকে বিজয়ী করলে, ইসলামের সঙ্গে থাকলে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হাসিল হবে। পরে তিনি কুড়িগ্রাম-১ আসনের প্রার্থীর পক্ষে নাগেশ্বরী উপজেলার জনসভায় ভাষণ দেন।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আরও বলেন, বিএনপিসহ অন্যান্য দল যে নীতি-আদর্শের মাধ্যমে এ দেশ পরিচালনা করেছিল, আমরা চেয়েচিলাম, সেই নীতি-আদর্শ পরির্বতন করে শতকরা ৯২ ভাগ মুসলমানের যে দেশে বসবাস, সেই দেশের সংসদে বাস্তবায়িত হবে ইসলামি আদর্শ ও নীতি। এটাকে সামনে রেখে যখন আমরা চলছিলাম, তখন আমরা কী দেখতে পেলাম, এখন তারা নাকি প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করবে।
তাহলে আমাদের হাজার হাজার মায়ের কোল কেন খালি হলো। এত ত্যাগ, অনেকে চোখ হারালো, আবু সাঈদ আপনাদের রংপুরের সন্তান। সেই আবু সাঈদ তার বুক পেতে দিয়ে কেন বৈষম্য দূর করতে চাইল? মুগ্ধ পানি পানি শব্দ করার পর আস্তে আস্তে জমিনের ওপর ঢলে পড়ল। কত ছেলেরা চোখ হারালো, পঙ্গু হলো, আবারও সেই প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনার জন্য।































