ক্রীড়া প্রতিবেদনঃ বিপিএলে রিপন মণ্ডলের দুর্দান্ত বোলিংয়ে রুদ্ধশ্বাস জয় পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। শুক্রবার সিলেট টাইটান্সকে পাঁচ রানে হারিয়েছে তারা। এই জয়ে টেবিলের শীর্ষ দুইয়ের মধ্যে থাকা নিশ্চিত করেছে রাজশাহী।
এক ম্যাচ হাতে রেখেই রাজশাহশীর পয়েন্ট ১৪। ফলে তারা সরাসরি প্রথম কোয়ালিফায়ারে খেলবে। অন্যদিকে, সিলেট লিগ পর্ব শেষ করেছে ১০ পয়েন্ট নিয়ে। ফাইনালে যেতে হলে এলিমিনেটর পার হতে হবে দলটির।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে রাজশাহী ৮ উইকেটে থামে ১৪৭ রানে। শুরুতেই তানজিদ হাসান ও শাহেবজাদা ফারহানকে হারানোর পর ইনিংস গড়ার চেষ্টা করেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে তাদের ৫৬ রানের জুটি কিছুটা গতি আনে। ২১ বলে ৩৪ রান করা শান্ত নবম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডাব্লিউ হন।
শান্তর আউটের পর আর গতি বাড়াতে পারেনি রাজশাহী। শেষ ১১ ওভারে ৬৪ রান তুলতেই হারায় পাঁচ উইকেট। ৩০ বলে ৪০ রান করে সর্বোচ্চ স্কোরার ছিলেন মুশফিকুর রহিম। শেষ দিকে ১১ বলে ১৬ রান যোগ করেন আবদুল গাফফার সাকলাইন।
সিলেটের হয়ে দুটি করে উইকেট নেন শহিদুল ইসলাম ও নাসুম আহমেদ। একটি করে উইকেট নেন রুয়েল মিয়া, মেহেদী হাসান ও মঈন আলী।
জবাবে শুরুতেই ধাক্কা খায় সিলেট। দ্রুত সময়ের মধ্যে শুরুতে ফেরেন তৌফিক খান ও মেহেদী হাসান মিরাজ। এরপর পারভেজ হোসেন ও মমিনুল হক ৪৯ রানের জুটিতে ইনিংস মেরামত করেন। ৩০ বলে ৪১ রান করা পারভেজ এলবিডাব্লিউ হলে ভাঙে জুটি।
তার পর মমিনুল ও আফিফ হোসেন এরপর আরও ৩২ রান যোগ করলেও দুজনই বিদায় নেন দ্রুত। এরপর আউট হন ইথান ব্রুকসও। তাতে আবার চাপে পড়ে যায় সিলেট।
শেষদিকে মঈন আলীর ১২ বলে ২৭ রানের ঝড়ো ইনিংসে ম্যাচ নাটকীয় মোড় নেয়। শেষ ১০ বলে সিলেটের দরকার ছিল ১৩ রান। কিন্তু চাপের মুহূর্তে রিপন মণ্ডল আঘাত হানলে আর পারেনি তারা। ১৮.৩ ওভারে মঈনকে ক্যাচ বানিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে অবদান রাখেন রিপন। ৬ বলে সিলেটের দরকার ছিল ১১ রান। কিন্তু শেষ ওভার সামলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন বিনুরা ফার্নান্দো। সিলেট ৯ উইকেটে থামে ১৪২ রানে।
৪ উইকেট নিয়ে রাজশাহীর এই রোমাঞ্চকর জয়ের নায়ক রিপন মণ্ডল। ম্যাচসেরাও তিনি। ২০ রানে ২টি উইকেট নেন বিনুরা ফার্নান্ডো। শেষ ওভারেও নেন একটি।






























