দেশবার্তা ঢাকা: পবিত্র ঈদের ছুটি শেষে আজ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক। মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এ বৈঠক শুরু হবে।
বৈঠকে সভাপতিত্ব করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
এর আগে গত ১৫ মার্চ স্পিকারের সভাপতিত্বে জাতীয় সংসদের এই বিশেষ কমিটি গঠন করা হয়। সংসদের কার্যক্রমের জন্য কমিটিটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
কমিটির মূল দায়িত্ব হলো অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করা। কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনটি বাতিল করা হবে—তা যাচাই-বাছাই করে সুপারিশ দেবে কমিটি।
পর্যালোচনা শেষে বিষয়গুলো নিয়ে কমিটির ভেতরে বিস্তারিত আলোচনা হবে এবং পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের দিন আসাদুজ্জামান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী হিসেবে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। নিয়ম অনুযায়ী, সংসদের ৩০ কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।































