দেশবার্তা ঢাকাঃ ব্যাপক সমালোচনার মুখে প্রস্তাবিত বাজেট থেকে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করার সুপারিশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন সনদ বাধ্যতামূলক করার প্রস্তাবটিও বাতিলের কথা জানিয়েছেন তিনি।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থবিলের ওপর বক্তব্য দেয়ার সময় প্রধানমন্ত্রী এই সব সংশোধনী প্রস্তাব তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়।
প্রধানমন্ত্রী বলেন, কালো টাকা সাদা করার ইস্যু নিয়ে বেশ সমালোচনা হয়েছে। সরকার এই সুযোগ আর রাখতে চাচ্ছে না। অর্থবিলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর করহার কমানো, স্বর্ণালঙ্কারে ভ্যাট কমানো এবং স্থানীয় প্রযুক্তি উৎপাদন ও বিদ্যুৎ খাতসহ বিভিন্ন শিল্পে কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা দেয়ার প্রস্তাবও দেন তিনি। এছাড়া ওষুধ শিল্প ও গৃহস্থালি কাজে ব্যবহৃত কাঁচামাল আমদানিতেও শুল্ক ছাড়ের কথা বলেন প্রধানমন্ত্রী।
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব সংস্কার, ব্যাংকিং খাতের পুনর্গঠন, রপ্তানি বহুমুখীকরণ এবং কর্মসংস্থান সম্প্রসারণে তিন ধাপে কাজ করবে সরকার।
তিনি আরও উল্লেখ করেন, সরকারি প্রকল্পে ব্যয়ের ক্ষেত্রে কত টাকা ব্যয় হচ্ছে তা নিয়ে না ভেবে, প্রকল্পগুলো রাষ্ট্র ও জনগণের কতটা কাজে আসবে সরকার এখন সেদিকই সবচেয়ে বেশি বিবেচনায় আনবে।
এদিকে বাজেট আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা বর্তমান অর্থবছর পরিবর্তন করার দাবি জানান। তিনি প্রচলিত জুলাই-জুন অর্থবছরের পরিবর্তে জানুয়ারি থেকে ডিসেম্বরকে অর্থবছর নির্ধারণ করাসহ রাজস্ব খাতে আরও গতিশীল পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের জন্য ঘোষিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট বাস্তবায়নে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ৬ লাখ ৪ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা দিয়েছে সরকার।
































