দেশবার্তা ঢাকা: ঈদুল ফিতরকে সামনে রেখে কয়েকদিনের তীব্র চাপ কাটিয়ে রাজধানীর কমলাপুর রেলস্টেশন এখন অনেকটাই স্বস্তির চিত্রে ফিরেছে। গত সোমবার রাত থেকে শুরু হওয়া যাত্রীচাপ শুক্রবারে এসে উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
শুক্রবার (২০ মার্চ) সকাল থেকে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে ছিল তুলনামূলক কম ভিড়।
গত চারদিনের উপচেপড়া ভিড়ের পরিবর্তে আজ ট্রেনগুলো নির্বিঘ্নে চলাচল করতে দেখা গেছে। এমনকি যাত্রীসংখ্যা কম থাকায় বিলম্বের কারণে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বাতিল করা হয়েছে।
স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণত ২৯ রমজানকে কেন্দ্র করেই যাত্রীর চাপ সর্বোচ্চ থাকে। কারণ ঈদুল ফিতর ২৯ বা ৩০ রোজা শেষে উদযাপিত হতে পারে—এই অনিশ্চয়তার কারণে অনেকে আগেভাগেই ভ্রমণের পরিকল্পনা করেন। এ সময় বেসরকারি অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ায় যাত্রীচাপ বাড়ে, পরে তা ধীরে ধীরে কমে আসে।
শুক্রবার সকালে স্টেশনে ছিল স্বস্তিদায়ক পরিবেশ। যদিও ভিড় কম, তবুও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল যথেষ্ট। যাত্রীদের টিকিট পরীক্ষা করে ধাপে ধাপে স্টেশনে প্রবেশ করানো হচ্ছিল।
খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের যাত্রী শফিকুল ইসলাম জানান, শেষ মুহূর্তে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং ট্রেনে আসন খালি থাকায় ভোগান্তি কম হবে বলে আশা করছেন।
অন্য যাত্রী রিপন আহমেদ বলেন, চাঁদ দেখা না যাওয়ায় পরিকল্পনা পরিবর্তন করে সকালে রওনা হয়েছেন, আর ট্রেনে ফাঁকা আসন থাকায় যাত্রা আরামদায়ক হচ্ছে।
জামালপুরগামী যাত্রী আহসান হাবিব জানান, শুরুতে গ্রামে না যাওয়ার পরিকল্পনা থাকলেও ট্রেনে আসন খালি থাকার খবর পেয়ে পরিবারসহ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।































