বিনোদন ডেস্ক: সংগীত নিয়ে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ আয়োজন ২০তম টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২৫’র জাঁকজমকপূর্ণ আসর এবার অনুষ্ঠিত হবে বগুড়ায়।
আগামী ৭ই এপ্রিল ২০২৬ উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শহর বগুড়ার নান্দিক পাঁচ তারকা হোটেল অ্যান্ড রিসোর্ট মমো ইন’র উন্মুক্ত মাঠে। এ বছর আজীবন সম্মাননাসহ মোট ১৯টি ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হবে। এই জাঁকজমকপূর্ণ আয়োজনে উপস্থিত থাকবেন দেশবরেণ্য নবীন-প্রবীণ সংগীতশিল্পী ও কলাকুশলীবৃন্দ।
এ উপলক্ষে গতকাল দুপুরে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন- ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অশোকা ফেলো অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, খ্যাতিমান সংগীতশিল্পী মো. খুরশীদ আলম, রফিকুল আলম, সালাউদ্দিন আহমেদ, টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২৫’র প্রকল্প পরিচালক রাজু আলীম সহ দেশবরেণ্য শিল্পীবৃন্দ।
ফরিদুর রেজা সাগর তার বক্তব্যে বলেন, এই মিউজিক অ্যাওয়ার্ড প্রদান করা হয় সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে এখানে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। এই স্বীকৃতি একজন নবীন শিল্পীকে যেমন প্রেরণা জোগায়, তেমনি একজন প্রবীণ শিল্পীকেও তার কাজে উৎসাহ দেয়।
টিএমএসএসের প্রতিষ্ঠাতা ড. অধ্যাপিকা হোসনে আরা বেগম বলেন, চ্যানেল আই আমাদেরকে পরিবার মনে করেছে। এই ধরনের একটি অনুষ্ঠানের সঙ্গে আমাদের সম্পৃক্ত করায় আমরা চ্যানেল আইয়ের প্রতি কৃতজ্ঞ।































