নিজস্ব প্রতিবেদক: নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর বার্তা দিয়েছে পুলিশ সদর দপ্তর। নির্বাচনের পর ৪৮ ঘণ্টায় ৭৬টি সহিংসতার ঘটনা ঘটেছে। পুলিশ সদর দপ্তর থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে তাদের এর দায় নিতে হবে। প্রয়োজনে বিভাগীয় শাস্তির মুখোমুখি হতে হবে তাদের।
নির্বাচন শেষ হলেও দায়িত্ব শেষ হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনের দুই দিন আগে থেকে দেশের সব জেলাকে বিশেষ মনিটরিংয়ে রাখে পুলিশ সদর দপ্তর। এর আগে কয়েক দফায় পুলিশ সুপারদের সতর্ক করেছেন খোদ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)। সদর দপ্তর সূত্র জানায়, ভোট গ্রহণ শেষে সম্ভাব্য সহিংসতা, প্রতিহিংসামূলক হামলা, ভাঙচুর ও সংঘর্ষ ঠেকাতে আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছে।
যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের ব্যারাকে ফিরে গেলেও সেনাসহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করতে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও এলাকাগুলোতে বাড়তি নজরদারি রাখতে। পরাজিত ও বিজয়ী পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে দ্রুত হস্তক্ষেপ করতে। সংখ্যালঘু ও দুর্বল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে। যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতার তথ্য পেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। প্রয়োজন হলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথাও বলা হয়েছে।































