দেশবার্তা ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় দলটির চেয়ারম্যান তারেক রহমানের সাথে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোনে তারেক রহমানের সাথে আলাপ কছেছেন তিনি। দীর্ঘ ২ দশক পর ক্ষমতায় ফেরা নিশ্চিত করায় হবু প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান মোদী।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল সোয়া চারটায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে নরেন্দ্র মোদী এ ফোনালাপের ব্যাপারটি নিশ্চিত করেন।
পোস্টে মোদী লিখেছেন, জনাব তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে এ অসাধারণ জয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের লক্ষে তার এই পথচলায় আমি আমার শুভকামনা ও সমর্থনের কথা জানিয়েছি।’
২ দেশের ঐতিহাসিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে মোদী আরও লিখেন, ‘গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমি ২ দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।’
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের ক্ষমতার পটপরিবর্তনের পর ভারতের প্রধানমন্ত্রীর এ দ্রুত অভিনন্দন বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এর আগে, শুক্রবার বিকাল সোয়ার দিকে তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানিয়ে এক্সে একটি পোস্ট করেছিলেন নরেন্দ্র মোদি।
পোস্টে নরেন্দ মোদি বলেছেন, ‘বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে এক বড় বিজয়ে নেতৃত্ব দেয়ার জন্য আমি তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাই।’
ভারতের প্রধানমন্ত্রী পোস্টে আরও বলেন, ‘এই জয় আপনার নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।’
ভারত ‘গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন’ অব্যাহত রাখবে বলেও বাংলাদেশের আসন্ন সরকারকে আশ্বস্ত করেছেন মোদি।
তিনি আরও বলেন, ‘আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করতে ও আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে আপনার সাথে কাজ করার জন্য আমি উন্মুখ।’































