নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, নগরবাসীর আস্থা অর্জনই হবে প্রধান লক্ষ্য। এক্ষেত্রে সফল না হওয়ার কোনো বিকল্প নেই।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নারায়ণগঞ্জ নগরভবনে দায়িত্ব গ্রহণ করে তিনি এসব কথা বলেন। এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান।
দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, দলের নেতাকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবীদের নিয়ে নগরের সমস্যা সমাধানে কাজ করবেন। রাস্তাঘাট সংস্কার, যানজট নিরসন, ফুটপাতের হকার উচ্ছেদ ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করাসহ গুরুত্বপূর্ণ সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানে ৬০ দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
পরে নির্ধারিত কক্ষে তিনি দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামসহ জেলা ও মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন হলে একই বছরের ১৯ আগস্ট দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। সে ধারাবাহিকতায় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রায় এক বছর দায়িত্ব পালনের পর তাকে পরিবর্তন করে যুগ্ম-সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে নিয়োগ দেওয়া হয়।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করে। নির্বাচনের ১০ দিন পর, ২২ ফেব্রুয়ারি দেশের ছয় সিটিতে দলীয় ছয় প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।































