দেশবার্তা ডেস্ক: চট্টগ্রামের হালিশহরে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ আশুরা আক্তার পাখি (৩০) মঙ্গলবার রাত পৌনে ১১টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে মারা গেছেন।
এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪। বিষয়টি নিশ্চিত করেছেন ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক শাওন বিন রহমান।
হালিশহরের একটি বাসায় সোমবার ভোরে দুর্ঘটনায় দগ্ধ হন তারা। গুরুতর দগ্ধ ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতেই ঢাকায় আনা হয়।
ঢাকায় আনার পথে সোমবার রাতে মারা যান ৪০ বছর বয়সী নুরজাহান আক্তার রানী। মঙ্গলবার সকাল ৭টার দিকে মারা যান তার ১৬ বছর বয়সী ছেলে শাওন। আর মঙ্গলবার বেলা ১২টার দিকে ৪০ বছর বয়সী সামির আহমেদ মারা যান।
শরীরে ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন সামির। সামির শাওনের চাচা। দগ্ধদের মধ্যে ৫ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।































