বিনোদন ডেস্ক: বিদেশ থেকে অবৈধভাবে মদ আনার সময়ে বিমানবন্দরে ধরা পড়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এ সময় সঙ্গে ছিলেন তার স্বামী পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব ও চলচ্চিত্র পরিচালক শঙ্খ দাসগুপ্ত।
কিন্তু রহস্যজনক কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের ছেড়ে দেন। গতকাল এমন খবর প্রকাশ হয়েছে দেশের বেশ কটি অনলাইন সংবাদমাধ্যমে। খবরটি ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় জোর সমালোচনা চলছে মেহজাবীনকে নিয়ে। তবে এ নিয়ে মেহজাবীন কিংবা রাজীবের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি আরো চর্চায় রূপ নেয়।
তবে আজ দুপুরে মেহজাবীন চৌধুরী তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে মুখ খুলেছেন। মেহজাবীন চৌধুরী বলেন, কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি, আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল।

বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে। মেহজাবীন চৌধুরী মনে করেন, আবারো তার মানহানির চেষ্টা করা হচ্ছে। এই অভিনেত্রী বলেন, আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার নেতিবাচক ব্যবহারের বিষয়টি উল্লেখ করে মেহজাবীন চৌধুরী বলেন, পাশাপাশি আরো উল্লেখ করতে চাই, সাম্প্রতিক সময়ে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণেও আমার মতো অনেক আর্টিস্টদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা একেবারেই কাম্য নয়। তার কথায়, নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে, এর পিছনে কে বা কারা আছে তা আমার জানা নেই।
আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই, আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি, আপনারা সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।































