দেশবার্তা ডেস্ক: নির্বাচনী অপরাধের সংক্ষিপ্ত বিচারের জন্য ৬৫৭ জন বিচারক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়। ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৫ দিনের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের আগে, ভোটের দিন এবং ভোটগ্রহণ পরবর্তী সময়ে নির্বাচনকেন্দ্রিক অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে ৬৫৭ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ মনোনয়ন দিয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের তালিকা নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠায়। মনোনয়ন সংক্রান্ত ওই চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকায় ভোট গ্রহণের আগের দুই দিন, ভোটের দিন এবং ভোট গ্রহণের পরের দুই দিনসহ মোট পাঁচ দিনের জন্য এই জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন। অর্থাৎ ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা নির্বাচনী অপরাধের বিচারিক দায়িত্বে থাকবেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৬৫৭ জন বিচারককে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে মনোনয়ন দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে। তারা গণপ্রতিনিধিত্ব আদেশের আওতায় সংঘটিত অপরাধের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।






























