বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। আজ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে সারা দেশে গণজোয়ার তৈরি হয়েছে। একাত্তরে জালিমের বিরুদ্ধে মাজলুমের যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সেখানে মানুষের অভিপ্রায় ছিল অধিকার ও ভাগ্যের পরিবর্তন। কিন্তু স্বাধীনতার পর কায়েমি স্বার্থবাদী রাজনৈতিক গোষ্ঠীগুলো শাসনের নামে শোষণ করেছে এবং গুন্ডামি ও সন্ত্রাসের রাজনীতি কায়েম করেছে।
শনিবার সকালে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সমর্থনে আয়োজিত এক জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক আরও বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার বিপ্লবের পর বাংলাদেশের মানুষ আর সেই বস্তাপচা রাজনীতিতে ফিরে যেতে চায় না।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আজ সবাই বিশ্বাস করে, ১১ দলীয় নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে ১৮ কোটি মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এটি কোনো নির্দিষ্ট নেতা বা দলকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়, বরং শোষিত মানুষের মুক্তি ও অধিকার আদায়ের জন্য।
চৌদ্দগ্রামের পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ এতে অংশ নেন।































