দেশবার্তা ঢাকা: নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ আরও বিস্তৃত করতে নতুন উদ্যোগ নিল ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। চাল, ডাল, তেলসহ নিয়মিত পণ্যের বাইরে এবার প্রথমবারের মতো টিসিবির তালিকায় যুক্ত হলো তিনটি দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী গোসলের সাবান, কাপড় কাচার সাবান ও ডিটারজেন্ট পাউডার।
টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন যুক্ত এই পণ্যগুলো প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট এলাকায় বিতরণ করা হবে। ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট ও ময়মনসিংহ—এই পাঁচটি সিটি করপোরেশনের পাশাপাশি ফেনী, ঝালকাঠি, চট্টগ্রাম, নেত্রকোনা ও নীলফামারী জেলার উপকারভোগীরা এই সুবিধা পাবেন। প্রতিটি জেলা ও সিটি করপোরেশন থেকে ৫০ হাজার করে মোট ৫ লাখ পরিবারকে এই পণ্য সরবরাহের পরিকল্পনা করা হয়েছে।
টিসিবি জানায়, পাইলট প্রকল্পে ভোক্তাদের প্রতিক্রিয়া ও চাহিদা মূল্যায়ন করা হবে। সাড়া ইতিবাচক হলে পর্যায়ক্রমে সারাদেশে এসব পণ্য বিক্রির আওতা বাড়ানো হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন পণ্যগুলো ভর্তুকি মূল্যে না হলেও বাজার দরের তুলনায় কম দামে পাওয়া যাবে।
পরীক্ষামূলক পর্যায়ে ১০০ গ্রাম লাক্স গোসলের সাবান বিক্রি হবে ৪৫ টাকায়, ৫০০ গ্রাম হুইল ডিটারজেন্ট পাউডারের দাম নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা এবং ১২৫ গ্রাম জার্মনিল লন্ড্রি সাবান মিলবে ২৩ টাকায়। টিসিবির এই উদ্যোগে নিত্যপণ্যের পাশাপাশি দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীর বাজারেও সাধারণ ভোক্তাদের স্বস্তি বাড়বে বলে আশা করা হচ্ছে।































