শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে এবার দিনের আলোতে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও কারাবন্দিদের মুক্তির দাবি জানিয়ে এ মিছিলে অন্তত শতাধিক নেতাকর্মী অংশ নেন। এই বিক্ষোভ মিছিলের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোটাপাড়া ও বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শরীয়তপুরের আহ্বায়ক মহসিন মাদবর, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ওরফে ভুলু এবং সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারের নেতৃত্বে কমপক্ষে শতাধিক লোকজন ঢাকা-শরীয়তপুর সড়কে একটি বিক্ষোভ মিছিল করছেন। দিনের আলো ফোটার পরও পাশ দিয়ে অটোরিকশা ও মাইক্রোবাস চলাচল করতে দেখা যায়। এমনকি মিছিলের কারণে পেছনের দিকে একটি ট্রাককে আটকে থাকতেও দেখা যায়।
এ সময় বিক্ষোভকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘চলছে লড়াই, চলবে’, ‘শেখ হাসিনা লড়বে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় বিক্ষোভকারীদের অনেকের হাতে বাংলাদেশের পতাকা বহন করতেও দেখা যায়।
এদিকে, মিছিলের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছে পুলিশ। দিনের আলোতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এত বড় বিক্ষোভ মিছিল হলেও তাদের কাছে এখনো কোনো তথ্য পৌঁছায়নি।
বিষয়টি নিয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আজ ভোরে যে মিছিল হয়েছে, তা আমাদের জানা নেই। আমরা বিষয়টি দেখছি। তারা যে বিক্ষোভ মিছিল করবে, এমন কোনো তথ্য আমাদের কাছে আসেনি। তাছাড়া জায়গাটি পালং ও নড়িয়া থানার বর্ডার হওয়ায় হুটহাট করে তারা মোটরসাইকেল নিয়ে এসে কয়েক মিনিট মিছিল করে চলে যায়। আমরা বিষয়টি দেখছি। তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’































