আন্তর্জাতিক ডেস্কঃ কাতার জানিয়েছে যে, দোহায় মার্কিন ও ইরানি আলোচকদের মধ্যে পৃথক পরোক্ষ বৈঠকগুলোতে ইসলামাবাদ সমঝোতা স্মারক-সংক্রান্ত বিষয়গুলোতে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং উভয় পক্ষ আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক্সে দেওয়া এক পোস্টে বলেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা কাতারের রাজধানীতে মার্কিন ও ইরানি প্রতিনিধিদলের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেছেন।
তিনি বলেন, এই আলোচনা সুইজারল্যান্ডে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকের ফলাফলের ওপর ভিত্তি করে এগিয়েছে এবং ইরানের সাবেক সর্বোচ্চ নেতার জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করা হবে।
ইরানি কর্তৃপক্ষ ইরানের নিহত নেতা আলি খামেনির জন্য ৪ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত ইরান ও ইরাকের বিভিন্ন স্থানে দাফনের আনুষ্ঠানিকতা আয়োজনের পরিকল্পনা করছে। কয়েক মাস আগে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের প্রথম দিনে একটি বিমান হামলায় তিনি নিহত হন।
































