ক্রীড়া ডেস্কঃ ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে ইতিহাস গড়েছে মেক্সিকো। গ্রুপ ‘এ’ থেকে প্রথম দল হিসেবে শেষ ৩২ বা নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা।
বাংলাদেশ সময় শুক্রবার (১৯ জুন) গুয়াদালাহারায় অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারায় মেক্সিকো। এই জয়ের ফলে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে জায়গা নিশ্চিত করে তারা।
এর আগে প্রথম ম্যাচে মেক্সিকো ২-০ গোলে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার পয়েন্ট দাঁড়ায় ৩। গ্রুপের বাকি দুই দল দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্র—উভয়েরই পয়েন্ট ১ করে থাকায় এক ম্যাচ হাতে রেখেই নকআউট নিশ্চিত করে মেক্সিকো।
ম্যাচের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধের শুরুতে। ৫০তম মিনিটে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগান মেক্সিকোর মিডফিল্ডার লুইস রোমো। একটি ক্রস ধরতে গিয়ে সতীর্থের সঙ্গে ধাক্কা লেগে বল হাতছাড়া করেন তিনি। সেই সুযোগে বক্সের ভেতর থেকে ভলিতে জালে বল পাঠান রোমো।

প্রথমার্ধে দুই দলই একাধিক আক্রমণ করলেও কোনো গোল হয়নি। ফলে বিরতিতে স্কোরলাইন ছিল ০-০। দ্বিতীয়ার্ধে রোমোর সেই একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
টানা দুই জয়ে দারুণ ফর্মে থাকা মেক্সিকো এখন গ্রুপ পর্বের শেষ ম্যাচের দিকে তাকিয়ে আছে। অন্যদিকে নকআউট পর্বে যেতে হলে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই দক্ষিণ কোরিয়ার জন্য।
এভাবেই গ্রুপ ‘এ’ থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা প্রথম দল হিসেবে বিশ্বকাপের শিরোপা স্বপ্ন আরও উজ্জ্বল করল মেক্সিকো।































