মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকের চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
সোমবার (১৫ জুন) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেন মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান।
নিহত ট্রাকচালক আবু নাঈম খান (৫৪) মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কুলপদ্বী এলাকার মৃত আব্দুল সাত্তার খানের ছেলে।
জানা যায়, ভোররাতে রাজধানী ঢাকা থেকে সংবাদপত্র বহনকারী একটি ট্রাক বরিশালের উদ্দেশ্য ছেড়ে যায়। মাঝপথে ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী অপরট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সংবাদপত্র বহনকারী ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এ সময় ঘটনাস্থলেই ট্রাকের চালকের মৃত্যু হয়। আহত হন আরও চারজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি সরিয়ে নিলে চলাচলস্বাভাবিক হয়।
এ ব্যাপারে মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।































