দেশবার্তা ঢাকাঃ সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।
রোববার (৭ জুন) সন্ধ্যায় বিসিবি নির্বাচনের ভোট গণনা শেষে এই তথ্য জানা গেছে।
বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে বিভাগীয় ক্রীড়া সংস্থার অধিকাংশ পরিচালকই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে নির্বাচনী লড়াইয়ের উত্তাপ খুব একটা দেখা যায়নি। নির্বাচনের আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ ছিল মূলত খুলনা ও বরিশাল বিভাগ এবং ক্লাব ক্যাটাগরিতে। এই কয়েকটি পদ ছাড়া বাকি অধিকাংশ পদেই প্রার্থীরা প্রতিদ্বন্দ্বী না থাকায় সহজেই নির্বাচিত হন।
ক্লাব প্রতিনিধিদের নিয়ে গঠিত ক্যাটাগরি-২ থেকে ৭৬ জন কাউন্সিলর ভোট দিয়ে ১২ জন পরিচালক নির্বাচিত করেছেন। এসব পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ১৬ জন প্রার্থী। এর মধ্যে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন নির্বাচন আয়োজনের দায়িত্বে থাকা অ্যাডহক কমিটির প্রধান এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
ক্লাব ক্যাটাগরির নির্বাচনে হেরে যাওয়া চার প্রার্থী হলেন মেজর ইমরোজ আহমেদ, ফৈয়াজুর রহমান, আমজাদ হোসেন ও সৈয়দ বোরহানুল হোসেন।
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে গঠিত ক্যাটাগরি-১ এ ১০ পরিচালক পদের মধ্যে ৭ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে শুধু খুলনা ও বরিশাল বিভাগে। বরিশাল বিভাগের একটি পরিচালক পদে মুন্তাসির আলমকে পরাজিত করে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন বিপিএলের দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান।
অন্যদিকে, খুলনা বিভাগের দুটি পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন প্রার্থী। তাদের মধ্যে শান্তনু ইসলাম ও শফিকুল আলম পরিচালক নির্বাচিত হয়েছেন।
এছাড়া বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা নিয়ে গঠিত ক্যাটাগরি-৩ এ আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
পরিচালকদের ভোটে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হবেন আজই। সেটি তামিম ইকবাল হওয়ার সম্ভাবনাই বেশি।































