দেশবার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়ে নিজ বাসায় উঠেছেন। বুধবার (৩ জুন) রাত সাড়ে ১২টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্তি লাভ করে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার বাসায় আসেন তিনি।
এসময় ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি চাই সবাইকে নিয়ে মানবিক সরকার গঠিত হোক। আমার মতো আরও অনেক নিরপরাধ মায়েরা আছে; আশা করি সরকার তাদের প্রতি সদয় হবে।
এদিকে আইভীর আইনজীবি অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, বুধবার বিকালে তার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। খবর পেয়ে আমি ও তার পরিবারের লোকজন আসি। সেই সঙ্গে রাত ১০টায় তিনি মুক্তি পেয়েছেন।
তিনি আরও বলেন, ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দায়ের করা ১২টি মামলার জামিন বহাল রাখার ব্যাপারে হাইকোর্টের আপিল বিভাগ যে অর্ডার দিয়েছে সেগুলো নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে আসে। যেদিন এটি নারায়ণগঞ্জ আদালতে আসে একই দিন ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন চেয়ে ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি আবেদন করি। ম্যাজিস্ট্রেট আদালতের অনুমোদনের পর জামিনের কাগজ কাশিমপুর কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। তবে এরমধ্যে ঈদুল আজহার ছুটি শুরু হয়ে যায়। এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার জামিনের কাগজ কাশিমপুর পৌঁছায়।
এর আগে গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় হওয়া তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে আবারও আরও পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর আরও দুটি মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়। আর এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরেই কারাভোগ করছেন।
প্রসঙ্গত, ২০০৩-২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিনটি নির্বাচনে মেয়র পদে টানা জয়ী হন তিনি।































