দেশবার্তা ডেস্কঃ রাজধানী ঢাকার পাড়া-মহল্লা, অলিগলি ও আবাসিক এলাকাজুড়ে ঈদুল আজহার কোরবানি ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সকালেই ঈদের জামাত শেষে কোরবানির পশু জবাইয়ে ব্যস্ত সময় পার করছেন নগরবাসী।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঈদুল আজহার নামাজ আদায় করেই কোরবানি দেওয়া শুরু করেন ধর্মপ্রাণ মুসলমানরা। নগরবাসী ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়েই পালন করছেন ঈদুল আজহা।
বিভিন্ন গলিতে সকাল থেকেই গরু জবাই ও মাংস কাটার ব্যস্ততা দেখা গেছে। পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের নিয়ে অনেকেই যৌথভাবে কোরবানি দিয়েছেন। কেউ কেউ বলেছেন, এতে খরচ কমে এবং সামাজিক সম্পর্কও আরও দৃঢ় হয়।
মহল্লাগুলোতে দেখা গেছে, শিশুরা সকাল থেকেই খুব আনন্দ করছে। তারা গরুর পাশে ঘুরছে, মাংস কাটার কাজ দেখছে। নতুন পোশাক পরে তারা কোরবানির পশু ঘিরে আনন্দ করেছে, বড়দের কাজে সহায়তাও করেছে।
অন্যদিকে কসাইদেরও ব্যস্ত সময় কাটছে। সকাল থেকে একের পর এক বাসা ও মহল্লায় গিয়ে পশু জবাই ও মাংস কাটার কাজ করছেন তারা।
































