আন্তর্জাতিক ডেস্কঃ মোদি সরকারের পতনের ভবিষ্যদ্বাণী করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একই সঙ্গে নিট পরীক্ষার প্রশ্নফাঁস ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগও দাবি করেছেন তিনি।
রোববার দেওয়া একাধিক বক্তব্যে রাহুল বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও প্রশ্নফাঁস ঠেকাতে কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত কংগ্রেস আন্দোলন চালিয়ে যাবে।
তিনি অভিযোগ করেন, লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়ে নিরব রয়েছেন।
হায়দরাবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি ভিডিও শেয়ার করে রাহুল দাবি করেন, সরকারের ব্যর্থতায় ২২ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুঁকিতে পড়েছে।
এদিকে সংখ্যালঘু বিভাগের এক বৈঠকে তিনি বলেন, অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি ও বেকারত্বের কারণে আগামী এক বছরের মধ্যেই মোদি সরকারের পতন ঘটতে পারে।
তবে বিজেপি এখনো পর্যন্ত রাহুল গান্ধীর মন্তব্যের আনুষ্ঠানিক জবাব দেয়নি। যদিও দলটির একাংশের নেতারা দাবি করছেন, বিরোধীদের কাছে জনসমর্থনের ঘাটতি থাকায় তারা ইস্যুভিত্তিক উত্তেজনা তৈরির চেষ্টা করছে।






























