আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে খুব শিগগিরই একটি সমঝোতা বা চুক্তি সম্পন্ন হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, সবকিছু অনুকূলে থাকলে আগামী এক সপ্তাহের মধ্যেই চুক্তিটি চূড়ান্ত হতে পারে। বুধবার (৬ মে) ফক্স নিউজের সাংবাদিক ব্রেট বায়ার এক লাইভ অনুষ্ঠানে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সম্প্রতি ফোনে ট্রাম্পের সঙ্গে তার কথা হয়েছে এবং প্রস্তাবিত সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বেশ আশাবাদী।’
ব্রেট বায়ার জানান, সময়সীমা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘সব ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যেই এটি চূড়ান্ত হতে পারে।’ তবে তিনি বিষয়টিকে ‘সতর্ক আশাবাদ’ হিসেবেই দেখছেন।
সম্ভাব্য এই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির মূল আলোচনায় রয়েছে দুটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত, ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নেওয়া এবং দ্বিতীয়ত, বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত রাখা নিশ্চিত করা।
একই দিন হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। তারাও আলোচনায় বসতে এবং একটি চুক্তিতে পৌঁছাতে চায়।’
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালায়। এর পাল্টা জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্য করে হামলা চালায় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।
পরে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা স্থায়ী সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়। এরপর ট্রাম্প নির্দিষ্ট সময়সীমা ছাড়াই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন।
অন্যদিকে, ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালিতে ইরানি জাহাজ চলাচলের ওপর নৌ-অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৫ মে) ট্রাম্প ঘোষণা দেন, বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে মার্কিন বাহিনীর পরিচালিত বিশেষ অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত রাখা হবে। তবে মার্কিন নৌ-অবরোধ আগের মতোই বহাল থাকবে।































