নিজস্ব প্রতিবেদকঃ দেশজুড়ে অস্বস্তিকর গরমের তীব্রতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আগুনঝরা রোদ আর তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৈরী এ পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা নেই, বরং আগামী দিনগুলোতে গরমের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি জানিয়েছে, বর্তমানে রাজধানী ঢাকাসহ দেশের মোট ৯টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই বৈরী আবহাওয়া পরিস্থিতি এখনই উন্নতির কোনো সম্ভাবনা নেই, বরং আগামী দিনগুলোতে গরমের তীব্রতা আরও বাড়তে পারে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে তাপপ্রবাহের বিস্তৃতি আরও বাড়তে পারে এবং দেশের বৃহত্তর এলাকা জুড়ে গরমের অনুভূতি আরও তীব্রতর হতে পারে।
দিনের বেলা প্রচণ্ড রোদ এবং আর্দ্রতাজনিত কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছানোর আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে তাপপ্রবাহের মাঝেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। দেশের অবশিষ্ট এলাকাগুলোতে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
প্রসঙ্গত, সোমবার (২০ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।































