কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় আবারও ঝরে গেল ৫ টি তাজা প্রাণ। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। মহাসড়কের দাউদকান্দি এলাকায় বারপাড়া এলাকায় অজ্ঞাত যানবাহনের চাপায় সিএনজির দুই যাত্রী নিহত হয়েছে। এছাড়া চান্দিনায় নিহত হয়েছেন আরও একজন।
আজ বুধবার (১ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।
একইদিন ভোর রাতে বুড়িচংয়ের নিমসার বাজারে চলন্ত ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় দুই ট্রাকের চালক নিহত হয়েছে। এছাড়া চান্দিনার কাঠেরপুল এলাকায় সড়ক পার হওয়ার সময় লরি চাপায় নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
দাউদকান্দিতে নিহতরা হলেন, উপজেলার গৌরীপুর এলাকার সরকারপুর গ্রামের সিএনজি যাত্রী আব্দুল বারেক (৫৩), একই গ্রামের মো. মোস্তফা (৫২)। বুড়িচংয়ে নিহতরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লালপুর গ্রামের মো. হানিফের ছেলে মো. জহিরুল ইসলাম মঈন (২৭) ও মেহেরপুর সদর উপজেলার কেশবপুর এলাকার খোদা বক্সের ছেলে মো. সোহেল রানা (৩৫)। চান্দিনায় নিহত শিক্ষার্থী উপজেলার বড় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মো. তাইম।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার মজুমদার ও ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন জানান, বুধবার সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। এতে ৫ জন নিহত হয়েছে। তাদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি গুলি পুলিশ হেফাজতে থাকার কথাও জানান কর্মকর্তারা।































