ক্রীড়া ডেস্ক: ফিফা র্যাঙ্কিং ও শক্তি-সামর্থ্যে যোজন-যোজন পিছিয়ে মৌরিতানিয়ার বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে বিরতির পর আর তেমন দ্যুতি ছড়াতে পারেনি বিশ্বচ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধে লিওনেল মেসি, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো ও রদ্রিগো ডি পলের মতো খেলোয়াড়দের নিয়েও সুবিধা করতে পারেনি আলবিসেলেস্তেরা। শেষ দিকে যোগ করা সময়ে আবার এক গোল হজমও করে তারা। তাই একদমই খুশি হতে পারছেন না কোচ লিওনেল স্কালোনিও।
সপ্তদশ মিনিটে এঞ্জো ফার্নান্দেরজের গোলে লিড নেয় আর্জেন্টাইনরা। ৩২তম মিনিটে দারুণ এক ফ্রি কিকে ব্যবধান বাড়ান নিকো পাজ। আর্জেন্টিনার জার্সি গায়ে এটিই প্রথম গোল এই ২১ বছর বয়সী মিডফিল্ডারের। বিরতির পর মাঠে এসে অল্পের জন্য গোল মিস করেন মেসি। গোলের আক্ষেপে পোড়েন ডি পলও। যোগ করা চতুর্থ মিনিটে মৌরিতানিয়ার একমাত্র গোলটি করেন জর্দান লেফর্ট। জাতীয় দলের হয়ে অভিষেকেই গোল পেলেন তিনি।
স্বভাবতই এমন পারফর্মেন্সে খুশি হতে পারছেন না স্কালোনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সত্যি কথা হলো আজকের ম্যাচ ভালো ছিল না, এটিই বাস্তব।’ আর্জেন্টিনা বস আরও বলেন, ‘এই পারফরম্যান্স থেকে অনেক উপসংহার টানা যেতে পারে।
আমরা সবসময় বলি, সহজ প্রতিপক্ষ বলে কেউ নেই। আজ দল ভালো ছিল না। আমাদের এটি মেনে নিয়ে ভুল শুধরাতে হবে। আমি চিন্তিত নেই। সবসময়ের মতো কিছু বিষয় সংশোধন করতে হবে। তাও ভালো যে এখনই সেগুলো ধরা পড়েছে।































