ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৩৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড এবং ৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) ভোর ৫ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত শহরের বিভিন্ন মাদক প্রবণ এলাকা ও আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ অভিযানে গুহলক্ষীপুর কুঠিবাড়ি রেললাইন বস্তি, পূর্বখাবাসপুরের তালতলাসহ বিভিন্ন মাদক প্রবণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক সামগ্রীসহ প্রায় ২৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার) মো. আতিকুর রহমান।
এছাড়া হাজী শরিয়াতুল্লাহ বাজার সংলগ্ন আবাসিক হোটেল পার্ক প্যালেসে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৯ জন নারীকে আটক করা হয়। পরে তাদের ফরিদপুর সার্কিট হাউসে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট জান্নাতুল সুলতানা। আদালত প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ফরিদপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস বলেন, ‘ভোর ৫টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরের চিহ্নিত বিভিন্ন মাদক প্রবণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে এবং এর বাইরে তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া গাঁজাসহ বিভিন্ন মাদক সামগ্রী উদ্ধার করা হয়েছে।
এ অভিযানে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা অংশগ্রহণ করেন।
































