দেশবার্তা ঢাকা: বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা ২০২৬-এর শেষ প্রহর চলছে। আগামীকাল রোববার আনুষ্ঠানিকভাবে পর্দা নামবে মাসব্যাপী এই বইমেলার। শেষলগ্নে শুক্রবার (১৩ মার্চ) অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোরদের বহুল প্রতীক্ষিত ‘শিশুপ্রহর’, যা শিশুদের উচ্ছ্বাসে মুখর করে তোলে মেলা প্রাঙ্গণ। আজ শনিবার পালিত হচ্ছে এ বছরের শেষ শিশুপ্রহর।
সকাল থেকেই মেলায় ছিল শিশু-কিশোরদের ভিড়। কাকতাড়ুয়া থিয়েটারের পাপেট-শো ও বায়োস্কোপ প্রদর্শনী ছোটদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করে। এদিন মেলায় উপস্থিত ছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হক ও অভিনয়শিল্পী ডা. এজাজুল ইসলামসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা। প্রিয় ব্যক্তিত্বদের কাছে পেয়ে অটোগ্রাফ নেওয়া ও ছবি তোলায় মেতে ওঠে শিশুরা।
প্রতিযোগিতায় বিজয়ীরা
বিকেলে অনুষ্ঠিত চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
চিত্রাঙ্কনের তিন বিভাগে প্রথম হয়েছেন মো. আফ্ফান আল হাসনাইন, চারুলতা রহমান জারা ও শ্রেয়া রায়।
আবৃত্তিতে প্রথম হয়েছেন পূর্ণতা আদিত্য, তাসবিহা আয়ান তানহা ও সিমরিন শাহীন রূপকথা।
সংগীতে প্রথম হয়েছেন শ্রীজা মন্ডল, তাসবিহা আয়ান তানহা ও রোদসী নূর সিদ্দিকী।
ফাগুনের বৃষ্টিতে কিছুটা ভোগান্তি
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর অন্যান্য এলাকার মতো বইমেলাতেও হঠাৎ ফাগুনের বৃষ্টি নামে। এতে বইপ্রেমীরা স্টল ও গাছের নিচে আশ্রয় নেন। প্রকাশকরা দ্রুত পলিথিন দিয়ে বই ঢেকে রক্ষা করার চেষ্টা করেন। ফলে কিছু সময়ের জন্য মেলার স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে।
আইনমন্ত্রীর নতুন বই
মেলায় ‘অন্যপ্রকাশ’ থেকে প্রকাশিত হয়েছে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের নতুন বই ‘শুধু মাধবীর জন্য’। বইটির মোড়ক উন্মোচনকালে তিনি বলেন, এটি একটি ড্রামাটিক মনোলগ, যেখানে না বলা অনুভূতি ও কল্পনাগুলো মাধবী চরিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রকাশনা প্রতিষ্ঠানটির কর্ণধার মাজহারুল ইসলাম জানান, মাধবীকে ঘিরে লেখা ১২৫টি চিঠি নিয়ে বইটির প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে।
আজকের আয়োজন
আজ শনিবার মেলা শুরু হয়েছে সকাল ১১টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। দুপুর ১টা পর্যন্ত থাকবে শিশুপ্রহর। বিকেল ৩টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জন্মশতবর্ষ : মুসলিম সাহিত্য সমাজ’ শীর্ষক আলোচনা সভা। এতে প্রবন্ধ পাঠ করবেন মোরশেদ শফিউল হাসান এবং সভাপতিত্ব করবেন আবুল আহসান চৌধুরী।































