আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি নিয়ে ইরানকে নতুন করে সতর্কবাতা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান হরমুজ প্রণালির জাহাজ চলাচল রুটে মাইন বসালে ‘নজিরবিহীন’ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
‘ট্রুথ সোশ্যালে’ পোস্টে ট্রাম্প লেখেন, ‘যদি ইরান হরমুজ প্রণালিতে কোনো মাইন স্থাপন করে থাকে-যদিও আমাদের কাছে তেমন কোনো রিপোর্ট নেই-তবে আমরা চাই সেগুলো অবিলম্বে সরিয়ে নেওয়া হোক! ’যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, অন্যদিকে, যদি তারা ইতোমধ্যে স্থাপিত মাইনগুলো সরিয়ে নেয়, তবে তা সঠিক পথে একটি বিশাল পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে!’
এদিকে ইরানের সঙ্গে ১০ দিনের যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১৫০ জন মার্কিন সেনা আহত হয়েছে বলে জানা গেছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুজন রয়টার্সকে মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। এই যুদ্ধে ইতিমধ্যে আট মার্কিন সেনা নিহত হয়েছেন। আহতের এই সংখ্যা আগে কখনো প্রকাশ হয়নি। রয়টার্সের এই প্রতিবেদন প্রকাশের আগে পেন্টাগন কেবল আটজন মার্কিন সেনার গুরুতর আহত হওয়ার খবর জানিয়েছিল।
রয়টার্সের প্রতিবেদনটি প্রকাশের পর মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে আহত সেনার সংখ্যা প্রায় ১৪০ জন বলে আনুমানিক ধারণা দিয়েছে। তবে তাঁদের অধিকাংশেরই আঘাত গুরুতর নয় বলে জানানো হয়েছে।
অন্য এক খবরে আল-জাজিরা জানিয়েছে যে, ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন দূতাবাসের একটি ‘লজিস্টিক্যাল সাপোর্ট ক্যাম্পে’ ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কি না, তা এখনো স্পষ্ট নয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গত কয়েক দিনে ইরাকের রাজধানীর এই এলাকায় বারবার হামলার ঘটনা ঘটেছে।































