দেশবার্তা ঢাকা: যাকাত ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
এসময় বৈঠকে উপস্থিত ছিলেন– ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
বৈঠকে যাকাত ব্যবস্থাপনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এগুলো হলো :-
১. যাকাত বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত।
২. বৈঠকে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নেতৃত্বে বায়তুল মোকাররম মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এবং শীর্ষ স্থানীয় কয়েকজন ইসলামী অর্থনীতিবিদ ও বিশিষ্ট আলেম-ওলামাদের সমন্বয়ে একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে।
৩. পূর্ণাঙ্গ কমিটিতে কারা থাকবেন, আগামী দশদিনের মধ্যে সেই নাম প্রস্তাব করবে ধর্ম মন্ত্রণালয়। যাকাত ব্যবস্থাপনা ও যাকাত বোর্ড পুনর্গগঠনের বিষয়ে এই কমিটি শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে তাদের সুপারিশ পেশ করবে।
৪. গত শনিবার (৭ মার্চ) আলেম-ওলামা ও এতিমদের সম্মানে এক ইফতার অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সুষ্ঠু যাকাত ব্যবস্থাপনা আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশের দারিদ্র্য বিমোচনে গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এরই পরিপ্রেক্ষিতে আজকের এই বৈঠক হলো।
৫. বৈঠকে কার্যকর যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে দেশের দারিদ্র্য বিমোচন সম্ভব তা নিয়ে আলোচনা হয়েছে।































