দেশবার্তা ঢাকা: ঈদে যনজট কমাতে সিমেন্ট, রড, পাথর ও বালু বহনকারী ট্রাকসমূহকে ঈদুল ফিতরের আগে ও পরে ৭দিন চলাচল সীমিত রাখাসহ ৩দিন আগে থেকে চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে সরকার। সরকারের তরফে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই এই অনুরোধ জানান। বুধবার ঈদ উপলক্ষে সেতু বিভাগের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে মন্ত্রী এসব নির্দেশনা দেন।
ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক, নির্বিঘ্ন, আনন্দদায়ক ও দুর্ঘটনামুক্ত ও সুশৃঙ্খল রাখার লক্ষ্যে বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের কাজের নির্মাণ সামগ্রী যত্রতত্র অপরিকল্পিতভাবে রেখে চলাচলে যাতে বিঘ্ন না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান মন্ত্রী। সড়কে যেন কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য অতিরিক্ত জনবল নিযুক্ত করে যথাযথভাবে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণসহ যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন না করার জন্য বলা হয়েছে।
সেতু বিভাগের পক্ষ থেকে যাত্রাপথে সেতুর উভয় প্রান্তে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম চালু রাখার নির্দেশ দেয়া হয়, যাতে ইটিসি কার্ডধারী গাড়িগুলো নির্বিঘ্নে দ্রুত সেতু পার হতে পারে।
এছাড়া, সেতু বিভাগের আওতাধীন সকল সেতু/স্থাপনায় সার্ভেল্যান্স সিস্টেমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনসমূহের ট্র্যাফিক পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি এবং মনিটরিং এর জন্য টোল প্লাজা ও টোলবুথে সিসিটিভি ক্যামেরা চালু রাখার বিষয়েও বলা হয়েছে সভায়।
ঈদযাত্রায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন গাড়ি সেতু ও সড়কে চলাচল করার কারণে যাতে যানজট সৃষ্টি না হয় সে বিষয়ে গাড়ির মালিক, গাড়িচালক ও যাত্রীদের নির্দেশ দিয়েছে সরকার।































