দেশবার্তা ঢাকা: বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ৯ই এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার বিকাল পৌনে চারটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিং করার সময় তিনি একথা বলেন।
ইসি সচিব বলেন, গত ১২ই ফেব্রুয়ারি আমরা ২৯৯টা আসনের নির্বাচনে ভোটগ্রহণ করেছিলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটা ছেড়ে দিয়েছেন।
এ ছাড়া শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থী ইন্তেকাল করার কারণে এই আসনে নির্বাচন বাতিল করা হয়। তিনি বলেন, এখন কমিশন এই দুটো আসনের উপনির্বাচন আগামী ৯ই এপ্রিল করবে। এদিন সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত এই নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। তবে, উল্লিখিত দুই আসনে পোস্টাল ভোট থাকলেও, ভোটার সংখ্যা কম হওয়ায় শুধুমাত্র শেরপুর-৩ আসনে গণভোট হবে না বলে জানান তিনি।
ইসি সচিব জানান, এই দুই আসনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ২রা মার্চ, ৫ই মার্চ মনোনয়নপত্র যাচাই বাছাই। ৬ই মার্চ থেকে শুরু করে আপিল চলবে ১০ই মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ১১ই মার্চ। এই আসনে প্রার্থিতা প্রত্যাহারের জন্য ১৪ই মার্চ ও প্রতীক বরাদ্দের জন্য ১৫ই মার্চ ধার্য করা হয়েছে বলে জানান তিনি।































