চাঁদপুর প্রতিনিধি: সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে। এ সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামেও সোমবার থেকে রোজা শুরু হয়েছে। রাতের তারাবির নামাজের মাধ্যমে রোজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের পীর ও সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ আরিফ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ১৯২৮ সালে সাদ্রা দরবার শরিফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক (রা.) প্রথম চাঁদ দেখার ভিত্তিতে আগাম রোজা রাখাসহ ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন। তার অনুসারীরা এ নিয়ম মেনে রোজা ও ঈদ পালন করে আসছেন। এ ধারার অধীনে শবে বরাত, শবে কদর ও শবে মেরাজসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানিয়েছেন, জেলার হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলার বিভিন্ন গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখা হচ্ছে। মতলব উত্তরের দেওয়ানকান্দি গ্রামের বোরহান উদ্দিন ডালিম বলেন, ‘প্রতি বছর আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করি। এবারও একইভাবে রোজা রাখব।
মোহাম্মদ আরিফ চৌধুরী বলেন, ‘আগাম রোজা ও দুই ঈদ পালনের প্রবর্তক মাওলানা ইসহাক (রহ.) প্রথম চাঁদ দেখার ভিত্তিতে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন। আমরা পবিত্র রমজান মাসের চাঁদ দেখার খবর পেয়েছি এবং খোঁজখবর নিয়ে নিশ্চিত হয়েছি। রাতের তারাবির নামাজ সম্পন্ন করা হয়েছে; ভোররাতে সাহরি খেয়ে আগামীকাল থেকে রোজা শুরু হবে।































